রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন এম এ সালাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির
চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক
মো. আবদুস সালাম (এম এ সালাম)। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের
স্বাস্থ্যসেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করলে আবদুস
সালাম প্রথম আলোকে বলেন, ‘আমাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের
প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করব।’ আগামীকাল
রোববার নতুন পদে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানিয়েছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী
সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড
ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক আবদুস সালামকে যোগদানের পর থেকে পরবর্তী তিন
বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিএনপির সূত্রে জানা গেছে,
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে
বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন আবদুস সালাম। তবে এ আসনে দলটি মনোনয়ন দেয় যুক্তরাজ্য
বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। এম এ মালিক ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন।
No comments yet
Be the first to join the discussion.